জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণমাধ্যমে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলেছে, গত বৃহস্পতিবার রাজধানীতে দেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা পরিকল্পিত।
একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সিনিয়র সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনা গভীর উদ্বেগজনক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বর্বরোচিত হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় ছাত্রশক্তির মতে, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হলে রাষ্ট্রের জবাবদিহির কাঠামো ভেঙে পড়ে এবং গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে যায়।
সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় ছাত্রশক্তি।