আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে ‘বাংলার বীর’ হিসেবে ঘোষণা দেওয়ার জোর দাবি উঠেছে বরিশাল অঞ্চলে। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় আয়োজিত শোকসভা থেকে এলাকাবাসী এই দাবি জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন শোষণমুক্ত ও সাম্রাজ্যবাদবিরোধী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার মৃত্যু একটি ব্যক্তির মৃত্যু নয়—এটি একটি আদর্শের ওপর আঘাত।
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক এম এ আব্দুর রহিম বলেন, “ওসমান হাদি ছিলেন একটি চলমান চেতনা। বাংলাদেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার যে স্বপ্ন তিনি দেখতেন, তা আজও প্রাসঙ্গিক। দুর্ভাগ্যজনকভাবে এই দেশ প্রকৃত স্বর্ণকে চিনে তখনই, যখন সে আর বেঁচে থাকে না।”
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে ওসমান হাদির মতো মানুষদের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে জাতীয় কল্যাণে যুক্ত রাখা উচিত ছিল। “আজ আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই—ওসমান হাদিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়ে ‘বাংলার বীর’ হিসেবে ঘোষণা করা হোক।”
শোকসভা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গুলির মদদদাতা, অর্থদাতা ও পরিকল্পনাকারীদের—দেশে ও বিদেশে যেখানেই থাকুক—তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।