মাঝনদীতে চলন্ত ট্রাকের ধাক্কায় ৫ যানবাহনসহ ধলেশ্বরীতে তলিয়ে নিখোঁজ ১

Date: 2025-12-21
news-banner



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় এক ভয়াবহ ও বিচিত্র দুর্ঘটনা ঘটেছে। মাঝনদীতে চলন্ত ফেরির ওপর একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যাওয়ায় সেটি সামনে থাকা আরও চারটি যানবাহনকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ট্রাকসহ পাঁচটি যানবাহনই তলিয়ে গেছে এবং একজন ভ্যানচালক নিখোঁজ রয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত নয়টার দিকে বক্তাবলী নৌঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছাড়ার কিছুক্ষণ পর মাঝনদীতে পৌঁছালে এই বিপত্তি ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রাকটি গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ স্টার্ট নিলে চালক সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

তীব্র গতিতে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে নদীতে ছিটকে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকসহ পাঁচটি যানই ধলেশ্বরীর গভীর পানিতে তলিয়ে যায়। 

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানচালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে এবং ডুবে যাওয়া যানবাহনগুলো শনাক্ত করতে দ্রুত তৎপরতা শুরু করেছে নৌ পুলিশ ও উদ্ধারকারী দল। 

ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফেরিতে যানবাহন রাখার ক্ষেত্রে চালকদের অসতর্কতাকেই প্রাথমিক কারণ হিসেবে দেখছে পুলিশ।

Leave Your Comments