বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ প্রার্থী

Date: 2025-12-22
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) রাত পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন করেন।
বরিশাল-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বরিশাল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাসদের প্রার্থী তারিকুল ইসলাম এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা নেছার উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বরিশাল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
বরিশাল-৩ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া বরিশাল-৬ আসন থেকে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ নিয়ে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

Leave Your Comments