শামীম আহমেদ জয় : মতলব, চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তরে এলজিইডির একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে ব্রিজের নিচের অংশে বেজ ঢালাইয়ের সময় ভাইব্রেশন মেশিন বন্ধ রাখা, বিকল্প রাস্তা বন্ধ করে কাজ চালু রাখা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র উঠে এসেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অধীনে “টরকী বাজার–ইঞ্জিনিয়ার শান্তি সরকার বাড়ি–সুলতানাবাদ ইউপি অফিস–নন্দলালপুর বাজার সড়ক পুনঃবাসন” প্রকল্পের আওতায় টরকী বকুলতলা সংলগ্ন ওয়াপদা ক্যানালের ওপর একটি ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের অন্ধকারে ব্রিজটির নিচের অংশে বেজ ঢালাইয়ের কাজ চলছে। তবে ঢালাইয়ের সময় গুরুত্বপূর্ণ ভাইব্রেশন মেশিন বন্ধ অবস্থায় ছিল, যা প্রকৌশল বিধি ও নির্মাণমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে কোনো কার্যকর বিকল্প রাস্তা না রেখেই মূল সড়ক বন্ধ করে কাজ চালু রাখায় সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ব্রিজের পাশেই অবস্থিত আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যেতে রোগী ও স্বজনদের ৩ থেকে ৪ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। সাড়ে ৯ কোটি টাকার কাজের শুরুতেই এমন অভিযোগ, পুরো কাজ বাস্তবায়নে কেমন হবে তা প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
জানা যায়, প্রকল্পটির দৈর্ঘ্য ০:০০ থেকে ৪২২৫.০০ মিটার। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (CD WSP) এর আওতায়। প্যাকেজ নম্বর: CD WSP/CHW/Matlab North/W-09। চুক্তি মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৫০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আক্কাছ কন্সট্রাকশন লিমিটেড, প্রোপাইটর মো. কাওছার আলম। প্রকল্প ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী, এলজিইডি মতলব উত্তর।
স্থানীয়রা দ্রুত প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা, রাতের কাজ বন্ধ এবং জনসাধারণের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন দেওয়ানজী বলেন, ইঞ্জিনিয়ার অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ট রফিকুল ইসলাম আমাদের কাজ চালু রাখতে বলেছেন, তাই কাজ চালু রেখেছি। আর রাতে এখানে সাংবাদিকদের কাজ কি?
অভিযোগের বিষয়ে ওয়ার্ক এসিস্ট্যান্ট রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে কাজ চলমান রয়েছে। এজন্য আমরা সন্ধার পরে লাইট জ্বালিয়ে কাজ চালু রেখেছি।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, রাতে কাজ করার তো কথা না। বিষয়টি আমি খতিয়ে দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে কোনো কাজ হয়ে থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং জনভোগান্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।