ওসমান হাদির নামে নলছিটি লঞ্চ টার্মিনালের নামকরণ

Date: 2025-12-24
news-banner


বরিশাল ব্যুরোঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামে তার জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চ টার্মিনালের নামকরণ করা হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন।
তিনি জানান, শহীদ ওসমান হাদির জন্মস্থান নলছিটি হওয়ায় নলছিটি লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হবে। ইতোমধ্যে টার্মিনালের সংস্কার ও রঙের কাজ চলমান রয়েছে। আগামী রবিবার নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন টার্মিনালটি পরিদর্শনে আসবেন।
নলছিটি পৌর শহরের স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “আমরা ওসমান হাদির স্মরণে স্থায়ী ও স্মরণীয় কিছু করার দাবি জানিয়েছিলাম। তার নামে লঞ্চ টার্মিনালের নামকরণ সেই দাবির বাস্তবায়ন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

Leave Your Comments