সম্মেলন ঘিরে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের রাজনীতি সরব,শীর্ষ দুই পদ নিয়ে আলোচনা

Date: 2022-10-18
news-banner


মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)
প্রতিদিনআসন্ন সম্মেলন ঘিরে সরব নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের রাজনীতির ময়দান। দলের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কারা হচ্ছেন এ নিয়ে চলছে আলোচনা আর চায়ের কাপে কথার ঝড়।

প্রার্থীদের নিজ নিজ অঙ্গীকার,কাজ আর রাজনৈতিক ক্যারিয়ারের নানা দিক আলোচিত হচ্ছে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে। শেষ পর্যন্ত কারা আসীন হবেন দুই হটসিটে সেদিকেই সবাই দৃষ্টি রাখছেন। 

রাজনীতির এ দৌড়ে আলোচনায় আছেন অনেকেই।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন - সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,এডভোকেট মজিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা,শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, দুর্গাপুর পৌর মেয়র আলাউদ্দিন আলাল, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক মেয়র আব্দুস সালাম, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন - বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলাম শফিক,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), আদিবাসী নেতা শরদিন্দু সরকার স্বপন হাজং।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দুই শীর্ষ পদে তাদেরকেই দেখতে চান যারা ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করবে। সেই সঙ্গে তৃণমূলের কর্মীদের আরো বেশি সুসংগঠিত করতে সক্ষম হবে। তারা বলেন,দলের সবার মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ সুসংহত থাকে সেজন্য নিবেদিত নেতাদেরই তারা শীর্ষ দুই পদে দেখতে চান। 

সম্মেলনের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার বলেন,যারা জনগণের উপকারে আসে,তাদের জন্য কাজ করবে,তাদের সুখে-দুঃখে পাশে থাকবে তারাই গুরুত্বপূর্ণ পদগুলোতে আসীন হবে। আমি চাই দুর্গাপুর রাজনৈতিকভাবে চাঙ্গা হোক। সবমিলিয়ে একটা সুন্দর কমিটি দুর্গাপুরকে উপহার দিতে পারবো বলে আশা রাখি।

আগামী ২৫ অক্টোবর,মঙ্গলবার দুর্গাপুরের এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য অসীম কুমার উকিল,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রেমন্ড আরেং এবং মারুফা আক্তার পপি।

দীর্ঘ ৭ বছর পর সম্মেলন আয়োজনের দিন যতোই ঘনিয়ে আসছে দুর্গাপুরের আওয়ামী লীগের রাজনীতির মাঠ ততোই চাঙ্গা হচ্ছে। সর্বশেষ ২০১৫ সালের ২৭ অক্টোবর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর নতুন নেতৃত্বকে বরণ করে নিতে তাই দলের কর্মীরাও মুখিয়ে রয়েছেন।

Leave Your Comments