চাঁদপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তারের মনোনয়ন ফরম সংগ্রহ

Date: 2025-12-27
news-banner


শামীম জয়, মতলব উত্তর (চাঁদপুর) 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) থেকে প্রার্থিতা নিশ্চিত করলেন রাশিদা আক্তার। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি নিজে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত মনোনয়নপত্রে তার নাম চূড়ান্ত করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫০ ব্যবহার করে ২৬১, চাঁদপুর-০২ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ সময় উপস্থিত নেতারা জানান, চাঁদপুর-২ আসনে পরিবর্তন ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে রাশিদা আক্তারই জনগণের প্রত্যাশার প্রতিচ্ছবি।
মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিদা আক্তার বলেন, এবি পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনসেবার মাধ্যমে সফল করতে চাই। এ এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নের ধারা এগিয়ে নেওয়াই আমার প্রথম কাজ।
চাঁদপুর-২ আসনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থী তালিকা সামনে আসতে থাকায় এখনই নির্বাচনী মাঠে উত্তাপ বাড়তে শুরু করেছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ।

Leave Your Comments