শামীম আহমেদ জয় :মতলব, চাঁদপুর।
চাঁদপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না’ এমন হুমকিমূলক বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় যুবদল নেতা নাজমুল গাজীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নাজমুল গাজী স্থানীয় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ধানের শীষের বাহিরে গেলে কারো বাকলা রাখব না।” এ ঘটনায় বিএনপি সাধারণ নেতাকর্মীসহ সচেতন মহলের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা ঝড় ওঠে। এমনকি অনেকেই নির্বাচন কমিশনসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই পরিস্থিতিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদল।
২২ ডিসেম্বর (সোমবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নাজমুল গণিকে যুবদলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজী।
এ বিষয়ে জেলা যুবদল নেতারা বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। ভয়ভীতি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনীতি দল কখনোই সমর্থন করে না।
উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে নাজমুল গনিকে চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ড. জালাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচয় করানো হয়েছিল। সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে একটি নির্বাচন কেন্দ্রিক কমিটি গঠন অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। ঘটনাটি নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অপচেষ্টা উল্লেখ করে স্থানীয়দের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন দলীয় আনুষ্ঠানিক এই ব্যবস্থার মাধ্যমে।