আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। এতে ইসলামী আন্দোলনের প্রতি জনগণের সমর্থনের দৃঢ় প্রতিফলন ঘটে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।