মুকুল হোসেন
“প্রাণের টানে প্রিয় প্রাঙ্গণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে ঐতিহ্যবাহী হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উপলক্ষে এসএসসি সকল ব্যাচের মহা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালাম বিএসসি, আহ্বায়ক, মহা পুনর্মিলনী কার্যনির্বাহী কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নির্মল চন্দ্র দত্ত, সদস্য সচিব, মহা পুনর্মিলনী কার্যনির্বাহী কমিটি; মোছাঃ ফিরোজা খানম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয় এবং মোঃ আতিকুল ইসলাম, আহ্বায়ক ও সম্পাদক, স্মরণিকা কমিটি।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পিপুলবাড়িয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মহা পুনর্মিলনীর উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, তৎকালীন হিন্দু জমিদারের দানে হরিণা গোপাল মৌজার প্রায় এক একর জমির ওপর ১৮৬৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯০০ সালে তৎকালীন প্রধান শিক্ষক বাবু মধুসূদন রায়ের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত হয়।
দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের এই মহা পুনর্মিলনীতে ২০৩৬ জন সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে মিলনমেলায় পরিণত করে এবং বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।