আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাত ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
রিটার্নিং অফিসার জানান, বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝড়া) আসনে ৫টি, বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে ১১টি, বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১০টি, বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে ৬টি, বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি করপোরেশন) আসনে ১০টি এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, তফসিল ঘোষণার পর জেলার ৬টি আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ পর্যন্ত ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, “উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি।” তিনি নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জানাতে আহ্বান জানান।