জবি প্রতিনিধি, স্বর্ণময় সুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল। ।এ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জকসু নির্বাচন কমিশন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে
নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে জকসু নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনেপ্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্র ও বেষ্টনির ভেতরে প্রবেশ করবেন, তারা ভোট প্রদান করতে পারবেন। জকসু নির্বাচনে ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। একইসঙ্গে হল সংসদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটার ভোট দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ও ড. মোঃ আনিসুর রহমান। এ ছাড়া আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম উপস্থিত ছিলেন।