দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির জরুরি বৈঠক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত

Date: 2025-12-30
news-banner

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ দুপুর সাড়ে ১২টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি এক গভীর শোক ও শূন্যতার মুখে পড়েছে বলে মন্তব্য করা হয়।


সভায় গৃহীত শোক প্রস্তাবে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


বিএনপির স্থায়ী কমিটি বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সার্বিক সহায়তা প্রদান, ভিআইপি মর্যাদা দেওয়া এবং তাঁর সম্মানে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় মর্যাদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে বিএনপিও দলীয় কর্মসূচি গ্রহণ করেছে।


এর অংশ হিসেবে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড ও ফার্মগেট এলাকাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।


জানাজা শেষে সংসদ এলাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়। রাষ্ট্রের পক্ষ থেকে সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা হবে।


এ ছাড়া দলীয়ভাবে সাত দিন শোক পালন করা হবে। একই সঙ্গে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিদেশি মিশন ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য গুলশানের চেয়ারপারসন কার্যালয় এবং পল্টনের দলীয় প্রধান কার্যালয়ে টানা তিন দিন শোকবই খোলা থাকবে।


বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই শোকের মুহূর্তে সংযম ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave Your Comments