গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষার শপথে মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Date: 2025-12-30
news-banner



বরিশাল ব্যুরোঃ আজ ৩০ ডিসেম্বর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিন। দিনটি উপলক্ষে দলটির ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। এসব কর্মসূচির মধ্য দিয়ে দলটি মানবিকতা, সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দলীয় নেতাকর্মীরা বলেন, মুসলিম লীগ দেশের স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে ঐতিহাসিক ও আপসহীন ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা মুসলিম লীগের আহ্বায়ক আবু জাফর বিশ্বাস এক বাণীতে বলেন,
“দেশের গণতন্ত্র আজ সংকটে, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই দুঃসময়ে মুসলিম লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামী মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুসলিম লীগের সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানান।

Leave Your Comments