আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, একটি স্টিলবডি ট্রলারসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ডের ইলিশা স্টেশনের কালীগঞ্জ ও হিজলা কন্টিনজেন্ট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে হাতেনাতে ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলারটি তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত ২০ জনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ট্রলারসহ ২০ জন আটকের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে জব্দ করা ৫৭টি ড্রেজার বর্তমানে কোস্টগার্ডের জিম্মায় রয়েছে।