নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন–কক্সবাজার নৌরুটে চলাচলকারী বিআইডব্লিউটিএ’র মালিকানাধীন এলসিটি ‘কাজল’ (সি-১৭৯) জাহাজটির যাত্রা হঠাৎ করে স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর এক পত্রের মাধ্যমে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পর্যটন পরিবহনের জন্য জাহাজটির চলাচল স্থগিত করে। অথচ জাহাজটি আগামী দুই বছরের জন্য বৈধ সার্ভে সনদপ্রাপ্ত এবং গত প্রায় ২০ বছর ধরে নিয়মিতভাবে সেন্টমার্টিন নৌরুটে চলাচল করে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, বর্তমানে জাহাজটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই।
পর্যটন মৌসুমের চূড়ান্ত সময়ে এ সিদ্ধান্ত আসায় বিপাকে পড়েছেন শত শত পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা ট্রাভেল পাসসহ আগেই টিকিট সংগ্রহ করেছিলেন। হঠাৎ যাত্রা বাতিল হওয়ায় তারা মারাত্মক বিড়ম্বনার মুখে পড়েন এবং এলাকায় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, জাহাজটির মালিক ও পরিচালন কর্তৃপক্ষও গভীর উদ্বেগে পড়েছেন। তাদের মতে, আকস্মিকভাবে নৌযান চলাচল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে পরিচালন মালিক কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় এবং সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিআইডব্লিউটিএ, ডিরেক্টর জেনারেল (শিপিং) এবং কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাহাজ ‘কাজল’-এর পুনরায় চলাচলের অনুমতি প্রদানের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন পর্যটক, স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন খাত সংশ্লিষ্টরা। দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে পর্যটন মৌসুমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।