বরিশালে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Date: 2026-01-01
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় তিন দিনের শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনও জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। অনেক শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে তা উল্টে-পাল্টে দেখছে, আবার কেউ কেউ সহপাঠীদের সঙ্গে বই বিনিময় করেও আনন্দ প্রকাশ করেছে। অভিভাবকরাও বছরের প্রথম দিনেই বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

বরিশাল জেলায় মোট ১ হাজার ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি বইয়ের চাহিদার বিপরীতে ১১ লাখ ৬৪ হাজার ৬০০টি নতুন বই পৌঁছেছে।

অন্যদিকে, বরিশাল বিভাগে মাধ্যমিক স্তরে ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি বইয়ের চাহিদার বিপরীতে ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই সরবরাহ করা হয়েছে।

এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরে মোট ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি বইয়ের চাহিদার বিপরীতে ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি বই পাওয়া গেছে। অর্থাৎ মোট চাহিদার ৭৩ দশমিক ২৩ শতাংশ বই ইতোমধ্যে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানান, অবশিষ্ট বইগুলো দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে এবং সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে সম্পূর্ণ সেট পাবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments