যাচাই-বাছাই শেষে ঝালকাঠির দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

Date: 2026-01-03
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থিত) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায়), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেওয়ায়) এবং স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়)।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), স্বতন্ত্র মো. নুরুদ্দীন সরদার (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) এবং স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া থাকায়)।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানান, ঝালকাঠি-১ আসনে ৫ জন ও ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments