আব্দুল্লাহ
আল মামুন (প্রধান প্রতিবেদক):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে
রেখে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ নিজ এলাকাকে সকলের কাছে
একটি মডেল হিসেবে গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন। এর আগে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা
বিভাগীয় কমিশনার কার্যালয় হতে তাঁর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে মর্মে তিনি তাঁর
ফেইজবুক ভেরিফাইড পেইজে উল্লেখ করে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। সেখানে তিনি
শ্রদ্ধাভরে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুরান ঢাকার সন্তান হামিদুর রহমান হামিদ দীর্ঘদিন
ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদল থেকে শুরু করে বর্তমানে বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (সাবেক
জগন্নাথ কলেজ) ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন এবং জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে
রূপান্তরের আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল অন্যতম মাইলফলক। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য
জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে বলে এই নেতা বিশ্বাস
রাখেন। তাই সকলকে সাথে নিয়ে সেই পথ অতিক্রম করার ইচ্ছে ব্যক্ত করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনটি পুরান ঢাকার
একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। বিগতদিনে এখানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি
পালাক্রমে জয় পেয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১৯৯১ সালে বিএনপি নেতা সাদেক হেসেন খোকার
শেখ হাসিনার বিরুদ্ধে জয়লাভ। ঢাকা জেলার দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭,
২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে ঢাকা-৭ সংসদীয় আসন গঠিত। অন্তর্ভূক্ত
থানা এলাকাগুলো হচ্ছে- লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীরচর ও কোতোয়ালীর অংশ বিশেষ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হামিদুর রহমান
হামিদ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে এলাকার পানি ও গ্যাস সংকট সমাধান করা, ঢাকা-৭ কে
বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা এবং জনগণের সহযোগিতায় এলাকার নাগরিক সমস্যাগুলো সমাধানের
মাধ্যমে পুরান ঢাকাকে উন্নত বাসযোগ্য এলাকায় রূপান্তর করার অঙ্গীকার করেন। সেই লক্ষ্যে
নিজেদের মধ্যে মিথ্যা অভিযোগ ও মিথ্যা অভিমান ভুলে সকলকে মিলেমিশে একসাথে কাজ করার
আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই নেতা।