আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোডে এসে পৌঁছালে সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নগরীতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের অনেক দিন পার হলেও এখনো পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, “অবিলম্বে হাদি হত্যার বিচার শুরু না হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচির মাধ্যমে চালিয়ে যাওয়া হবে।”
এর আগে সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সদর রোডে এসে জড়ো হন। পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা ও চৌমাথা হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে তারা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, “একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা নিপীড়নের শিকার হয়েছিলেন, তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার না হলে তারাও নিরাপদ থাকবে না।” তারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে।
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলেও আন্দোলনকারীরা ঘোষণা দেন।