সাইফুল ইসলাম মানিক নীলফামারী।
নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
বিএনপির নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীদের একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ আজ বিএনপির দিকে ঝুঁকছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি।”
তিনি আরও জানান, রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের চূড়ান্ত তালিকা হাতে পেলে সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে। এদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।