পরিবেশ রক্ষায় বাকেরগঞ্জে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো তিনটি অবৈধ ইটভাটা

Date: 2026-01-05
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে কিলন ও চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কাঁচা ইট ধ্বংস করা হয় এবং দুই ভাটার মালিককে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এবং বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুটি ড্রাম চিমনি ও একটি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনিযুক্ত তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মেসার্স রনি ব্রিকস–১ এর মালিক সৈয়দ কবির আহম্মেত ও মেসার্স সান ব্রিকস এর মালিক মোঃ হাবিবুর রহমানের কাছ থেকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ তারেক আজিজ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানে ইটভাটার কিলন, চিমনি ও অন্যান্য অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments