লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার

Date: 2022-10-19
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে পরপর ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল সেট। 

লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত মাস ও তার আগে পর পর কয়েকবার গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে হাত-পা বেঁধে যাত্রী ও চালকদের জখম ও ভয়-ভীতি দেখিয়ে ডাকাতি সংঘটিত হয়। 

এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে দুই জনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও মোবাইল ফোন। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ডাকাতির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুন্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩ টি মোবাইল উদ্ধার করা হয়।

এদের বিরুদ্ধে কয়েকটি জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বশির আহমেদ (৩৫), মো: আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)। এদের মধ্যে মূলহোতা বশির আহমেদ ও মো: আবুুল হোসেনকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত ডাকাত সবুজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডাকাত দলে মোট ১৫ জন সদস্য রয়েছে বলেও জানানো হয়। তারা সবাই রোড ডাকাতিতে জড়িত। 

গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুরে ডাকাতির সাথে জড়িত ছিল বলেও স্বীকার করে গ্রেফতারকৃতরা।

Leave Your Comments