সুষ্ঠু নির্বাচনে কঠোর বার্তা বরিশাল রেঞ্জ ডিআইজির “যার ভোট তিনিই দেবেন, ভোটার-প্রার্থীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে”

Date: 2026-01-09
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেছেন, “দিনের ভোট দিনেই হবে। যার ভোট তিনিই দেবেন। ভোটাররা নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন এবং নিরাপত্তার সঙ্গেই বাড়ি ফিরবেন। ভোটার, প্রার্থী ও নির্বাচনী সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রশাসন। কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না—সে যে-ই হোক, যে দলেরই হোক।”

শুক্রবার বিকেল ৩টায় বরিশাল পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউড হলরুমে নবাগত প্রথম নারী পুলিশ সুপার ফারজানা ইসলামের আয়োজনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, “আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা চাই—আমাদের দেশ আমরা নিজেরাই গড়বো। ‘সবার আগে দেশ’ এই আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বিভাগজুড়ে বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। যৌথ বাহিনীও মাঠে কাজ শুরু করবে। সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।”

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments