পঞ্চগড়ে হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, সেনা লাঠিচার্জের অভিযোগ

Date: 2026-01-11
news-banner



মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়ে শহীদ ওসমান হাদীর হত্যাকারিদের গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভকালে সেনাবাহিনীর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের আয়োজনে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। দুপুর ২টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বিকেল ৪ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সমাপনী বক্তব্য চলাকালে আকস্মিক সেনা অফিসার লে. জাহিদের নেতৃত্বে সেনা সদস্যরা মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সাথে তাদের ধস্তাধস্তি হয়।আন্দোলনকারীদের অভিযোগ তাদের উপর সেনা সদস্যরা লাঠিচার্জ করেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, আতিকুর রহমান, মজাহারুল ইসলাম সেলিম, খোরশেদ মাহমুদ ও মাহফুজুর রহমানসহ অন্তত ২৩ আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন৷

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় সেনা সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সরিয়ে দেওয়ার সময় কারও কারও গায়ে লাঠির আঘাত লাগতে পারে, তবে পরিকল্পিতভাবে লাঠিচার্জ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কর্মসূচি সমাপ্ত ঘোষণার পরও উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইদ্রাশিশ সান্যাল অঙ্কুর বলেন, ২৩ থেকে ২৫ জন আহত রোগী হাসপাতালে এসেছেন। তাদের বেশির ভাগের শরীরে ব্লান্ট ইনজুরি রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave Your Comments