বরিশালের মেঘনায় ট্রলারডুবি, চার জেলে নিখোঁজ

Date: 2026-01-12
news-banner


আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরোঃ বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরলেও বাকিদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

প্রত্যক্ষদর্শী জেলে শামিম হোসেন (২৫) জানান, তিনি ও আরও চারজন জেলে ট্রলারে করে মাছ ধরতে যান। রাতে নদীতে জাল পেতে রেখে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে হঠাৎ একটি ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে। মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে সবাই নদীতে ছিটকে পড়েন।

 পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও তিনি ছাড়া আর কেউ তীরে পৌঁছাতে পারেননি। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচরসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শামিম আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে, তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। হিজলা উপজেলার ইউএনও মো. ইলিয়াস সিকদার নৌ-পুলিশকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave Your Comments