মুকুল হোসেন
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়িয়া বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পোলট্রি ব্যবসায়ীকে হামলা ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৫) জানান, তিনি হরিনা পিপুলবাড়িয়া বাজারে অবস্থিত ‘হৃদয় রাদি পোলট্রি ফিড’ দোকানের একজন পোলট্রি ও ফিড ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের পাঙ্গাসি বাজারের মুরগি ব্যবসায়ী হাফিজুর রহমানের কাছে তার মোট ১৮ লাখ ২৮ হাজার টাকা পাওনা রয়েছে।
অভিযোগে বলা হয়, বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত হাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি রায়গঞ্জ উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেলিনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
মনিরুল ইসলাম আরও জানান, এর আগেও টাকা চাইতে গেলে হাফিজুর রহমান বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
অভিযুক্ত হাফিজুর রহমানের পিতা মোঃ ইউনুস হাজী। তার বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের মনোহরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, লেলিন মনোনয়ন না পাওয়ায় বর্তমানে হাফিজুর রহমান ভিপি আইনুল হকের নাম ভাঙিয়ে ‘ভাই-ভাই’ পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন,
“আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এই টাকা আমার বহু কষ্টের উপার্জন। দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে, এখন আবার হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ের হাফিজুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এই প্রতিনিধিকে জানান হ্যা মনিরুল আমার কাছে টাকা পাবে, কেন দিচ্ছেন না জানতে চাইলে তিনি বলেন
আপনি আসেন সামনাসামনি কথা বলবো।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাকি টাকা চাওয়ার মতো ন্যায্য বিষয়ে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। তারা দ্রুত পাওনা টাকা পরিশোধ ও বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।