বরিশালে জামায়াতের গুরুত্বপূর্ণ আসন ছাড়ছে জোট, সদর নিয়েও সমঝোতার পথে আলোচনা

Date: 2026-01-13
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ আসন জোটের স্বার্থে ছেড়ে দিতে হচ্ছে জামায়াতে ইসলামীকে। এমনকি দলটির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনটিও ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জামায়াতের অভ্যন্তরীণ ‘এ গ্রেড’ তালিকায় থাকা বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন দুটি জোটগত সমঝোতার কারণে ইতোমধ্যে অন্য দলকে ছেড়ে দেওয়া হয়েছে। বরিশাল-৩ আসনটি আগেই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ছেড়ে দেওয়া হয়। এ কারণে জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবর সেখানে মনোনয়নপত্র জমা দেননি।

এছাড়া জামায়াতের গুরুত্বপূর্ণ তালিকায় থাকা বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সদর আসন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দেনদরবার চলছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সদর আসনে ফয়জুল করীমের প্রার্থিতা চূড়ান্ত হলে জামায়াত বরিশাল-৬ আসনটি ধরে রাখতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল দীর্ঘদিন ধরে বরিশাল-৫ আসনে প্রচার চালিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিকভাবে তাকে সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করায় তার প্রার্থী হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জামায়াত সূত্র জানায়, সাধারণত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রার্থী হন না। সে হিসেবে জামায়াত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে বরিশাল-৫ আসন ছেড়ে দিতে পারে।

বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেন,জোটের স্বার্থে অনেক সময় ছাড় দিতে হয়। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত আসতে পারে, তবে এখনো কিছু নিশ্চিত নয়।

দলীয় সূত্র আরও জানায়, সমঝোতার অংশ হিসেবেই সম্প্রতি সংসদ নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক ও মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। সে কারণে ওই সময়ের আগেই বরিশাল আসনগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments