খুলনায় বিএনপির সমাবেশ: দুই দিন বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত

Date: 2022-10-19
news-banner



২১ ও ২২ অক্টোবর খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের আলোচনা সভায় যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির সমাবেশ বানচাল করতে ওই সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিক ও শ্রমিকেরা।

জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ১৮টি রুটে ২ শতাধিক বাস চলাচল করে। মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ওই দুই দিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না ও প্রবেশও করবে না।

জানতে চাইলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। মালিক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক ইউনিয়ন। তবে কেন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ইতিমধ্যে সমাবেশের অনুমতিও মিলেছে। খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন দলের নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ময়মনসিংহ ও চট্টগ্রামের সমাবেশের তুলনায় খুলনায় জনসমাগম বেশি হবে বলে আশা করছে বিএনপি।

Leave Your Comments