আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের তারিখ একদিন পিছিয়ে আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সরোয়ার আরও বলেন, তারেক রহমানের এই সফর আমাদের জন্য ঐতিহাসিক। তার বক্তব্য নির্বাচন পরিচালনা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি বরিশালে আসবেন।
নির্বাচনী প্রচার প্রসঙ্গে তিনি বলেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে সরোয়ার বলেন, অতীতে আমাদের নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা কোনো কারচুপি চাই না, জনগণের ভোটের মাধ্যমেই বিজয় নিশ্চিত করতে চাই।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে আসছেন, যা দলটির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয়রা।