আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য পরাজিত সকল শক্তি আজ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের রক্তে অর্জিত এই বিপ্লব নস্যাৎ করার অপচেষ্টা দেশবাসী কখনোই মেনে নেবে না।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “আমরা যে ১০ দলীয় ঐক্য গড়ে তুলেছি, তার মূল ভিত্তি হলো বাংলাদেশপ্রেম এবং দুর্বৃত্তপনা ও গুন্ডামির রাজনীতি বন্ধ করা। লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে, প্রায় দেড় সহস্র মায়ের কোল খালি করে যে জুলাই বিপ্লব এনেছে, আজ সেটিকে ব্যর্থ করার জন্য নানা অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে একটি গোষ্ঠী, কিন্তু জনগণ তাদের প্রতিহত করবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, ১০ দলীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি তৈরির জন্য অপপ্রচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী কে হবে বা প্রধান নেতা কে—এ ধরনের প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ জুলাই বিপ্লবের যেমন কোনো একক নেতা ছিল না, তেমনি এই জোটেরও কোনো একক নেতা নেই।
জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।