আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এসব উপকরণ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। একই সঙ্গে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে।
রোববার সকাল থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ট্রাকে করে ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিলসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব সরঞ্জাম পরিবহন করা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রতিটি উপজেলায় পৌঁছানোর পর উপকরণগুলো নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করা হবে এবং ভোটের আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হবে।
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ২১টি নির্বাচনী এলাকার জন্য এসব সরঞ্জাম পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। সব উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যেই সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন থেকে পাঠানো সরঞ্জাম আমরা গ্রহণ করেছি। ঢাকা থেকে এনে প্রথমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বরিশালের কোনো নির্বাচনী এলাকায় প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি।