বরিশালে এলপিজি গ্যাস সংকট, বিপাকে সিএনজি থ্রি-হুইলার চালকরা

Date: 2026-01-26
news-banner


আবু জাফর বিশ্বাস  বরিশাল ব্যুরোঃ বরিশালে এলপিজি গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয় বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অনেক চালক।

বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘আমি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি বন্ধ রয়েছে। জমা টাকা ভেঙে সংসার চালাতে হচ্ছে। যদি এই অবস্থা আরও দীর্ঘ হয়, তাহলে বড় বিপদে পড়তে হবে।

সরেজমিনে দেখা গেছে, নগরের সিএনজি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় ৪০০ টাকা খরচ করেও প্রয়োজন অনুযায়ী গ্যাস মিলছে না।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, আমদানি কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তারা জানান, ‘গ্যাস ঠিকমতো আসছে না। অনেক দিন পরপর সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘যদি কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি যাচাইয়ের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে।

Leave Your Comments