আবু জাফর বিশ্বাস বরিশাল
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান ভোটের মাঠে প্রত্যাশিত সাড়া না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) এবং উপজেলার সকল ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
তবে বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা বলছেন, কামরুল ইসলাম মূলত ভোটের মাঠে হতাশ হয়ে এসব অভিযোগ তুলছেন। স্থানীয়দের মতে, উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় এখনো তাকে সাধারণ ভোটাররা তেমনভাবে চেনেন না। আগে তিনি আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পানি সম্পদমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবেই পরিচিত।
স্থানীয়দের দাবি, নিজ এলাকা চরামদ্দিতে দু-একটি উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত থাকায় সেখানে কিছু সমর্থন থাকলেও অন্যান্য ইউনিয়নে তার অবস্থান দুর্বল। অনেক জায়গায় তার এজেন্ট দেওয়ার মতো লোকবলও নেই বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, ভোটের মাঠে সুবিধা না করতে পেরে প্রশাসনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রার্থীরা দাবি তুলতেই পারেন, এটি তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।