বরিশাল সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত, ঝুঁকিতে ৫৬ শিশু

Date: 2026-01-26
news-banner


আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশাল সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

সভায় কমিটির সরকারি কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধে কর্মরত উন্নয়ন সংগঠন ‘রূপান্তর’ তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করে।

এছাড়া প্রকল্প এলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ পাচারের ঝুঁকিতে থাকা মোট ৫৬ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি ও সদস্য সচিবের নিকট হস্তান্তর করেন। তালিকাভুক্ত শিশুদের অধিকাংশই এতিম, পথশিশু ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী।

সভায় জানানো হয়, কয়েকজন শিশুর জন্মনিবন্ধন না থাকায় তারা সহজেই প্রলোভনে পড়ে মানব পাচার বা যৌন নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব শিশুদের সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষায় পুনর্বাসন, শিক্ষা ও জীবনমান উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটির পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে ১৪ জন শিশুর জন্মনিবন্ধন, ১০ জন শিশুর শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা।

Leave Your Comments