আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
ঝালকাঠি–২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’—এই প্রতিপাদ্য সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশ্ন–উত্তর সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ প্রার্থীদের কাছে এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক অধিকার বিষয়ে প্রশ্ন করেন। প্রার্থীরাও সরাসরি সেসব প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের লক্ষ্য ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা কমিটির আয়োজনে ঝালকাঠি–২ আসনের মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন এতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন— ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী ফোরকান হোসেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর।
তবে বিএনপির প্রার্থীসহ অন্য চারজন প্রার্থী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, সুজন বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ, বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত ও সুজন নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।