ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১ লাখ সেনাসহ প্রায় ৯ লাখ নিরাপত্তা বাহিনী মোতায়েন

Date: 2026-02-02
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বরিশালে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সেনাবাহিনীর ১ লাখ সদস্য মাঠে থাকবে। এছাড়া পুলিশের ১ লাখ ৫০ হাজার, আনসারের প্রায় ৬ লাখ, বিজিবির ৩৭ হাজার, র‍্যাবের ১০ হাজার, কোস্ট গার্ডের ৫ হাজার এবং নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় বিএনসিসি সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা তরুণদের সম্পৃক্ততার একটি নতুন উদ্যোগ।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে থাকবে বডি ক্যামেরা। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব প্রস্তুতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave Your Comments