তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে রহমাতুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি

Date: 2026-02-03
news-banner



আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো: 
আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে এক বিশাল ও বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র নেতৃত্বে এই র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা ও সিটি করপোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বরিশালে তারেক রহমানের আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে। এতে গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Leave Your Comments