রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

Date: 2026-02-03
news-banner


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, একটি খেলনা পিস্তল এবং একটি শটগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে কাউসার এবং শ্রী সীতারাম দাসের ছেলে শ্রী রবি দাস।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের লক্ষ্য ছিল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
অভিযানের সময় কাউসারের বাড়িতে প্রবেশ করলে সে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাউসার ও তার সহযোগী শ্রী রবি দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, একটি খেলনা পিস্তল এবং একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments