আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার বরিশালে জনসভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর বরিশালে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের বান্দ রোডের বেলস পার্ক এলাকায় নেতা-কর্মীদের ঢল নামে।
দলের কর্মসূচি অনুযায়ী, বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িযোগে তিনি বেলস পার্কের জনসভাস্থলে আসেন। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তিনি জনসভার মঞ্চে পৌঁছান।
সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নগরে আসতে থাকেন।
বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) জানান, বরগুনা থেকে অনেক নেতা-কর্মী রাতেই বরিশালে পৌঁছান এবং বুধবার ভোরেও অনেকে সমাবেশে যোগ দিতে রওনা হন।
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে ভোরে সমাবেশে আসেন মহিলা দলের কর্মী নাসিমা বেগম ও কাকলী আক্তার। নাসিমা বেগম বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে সভাস্থলে এসেছি। আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।
সকালে সরেজমিনে দেখা যায়, জনসভার মাঠ ও মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারী নেতা-কর্মীদের বসার জন্য আলাদা জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে উঠেছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে তিনি সর্বশেষ বরিশাল সফর করেন ২০০৬ সালের ১৪ মে।
বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন বিএনপি তাদের মিত্রদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ) প্রার্থী হিসেবে রয়েছেন। বাকি ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক। বরিশালের মানুষ তাঁর অপেক্ষায় আছে। এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এখান থেকেই তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। দলীয় সূত্র জানায়, জনসভা শেষে দুপুর ১টার দিকে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন।