আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। এসব নেতারা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত ও অবমাননাকর শব্দ ব্যবহার করছে। তিনি বলেন, নারীদের পেছনে ফেলে বা ঘরে বন্দি করে রেখে কোনো জাতি সামনে এগোতে পারে না। দেশ গড়তে হলে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, গুপ্ত সংগঠনের নেতারা বিভিন্ন প্রেসে ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিকভাবে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারা কখনও সৎ মানুষের শাসন কায়েম করতে পারে না। আইডি হ্যাকের নামে মিথ্যা প্রচার করে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা সৎ রাজনীতির প্রতিনিধি হতে পারে না।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের অধিকার যেন কেউ হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন থাকবে।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে বিএনপি। পাশাপাশি বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ধানের শীষে বিজয় নিশ্চিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকতে হবে। বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।