আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৫ আগস্ট-পরবর্তী একটি রাজনৈতিক দল, যাদের জনগণ চেনে গুপ্ত পরিচয়ে। বর্তমানে এই গুপ্ত দল দেশে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। নতুন জালেমদের নেতা সম্প্রতি দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যে দলের নেতাদের কাছে মা-বোনেরা সম্মান পায় না, তাদের কাছ থেকে দেশের মানুষ কোনো অগ্রগতি আশা করতে পারে না।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১টা ৮ মিনিটে বরিশালবাসীকে সালাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘কুমিল্লায় গুপ্ত সংগঠনের আরেক নেতা বলেছেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই ধরনের মানসিকতা যাদের, তারা নির্বাচিত হলে দেশের জনগণের ভাগ্যে কী নেমে আসবে, তা এখনই বোঝা যাচ্ছে।’ এ সময় তিনি দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘বিএনপির প্রার্থীরা বিজয়ী হলে ১৩ তারিখ থেকে পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস।’
তিনি আরও বলেন, ‘সময় এসেছে দেশ গড়ার। দেশ গড়তে হলে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের পেছনে রেখে কোনো জাতি এগোতে পারে না।’
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘১৯৯৩ সালে বিএনপিই বরিশালকে বিভাগ ঘোষণা করেছে। ভবিষ্যতে বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নদীভাঙন রোধে কার্যকর বেড়িবাঁধ দেওয়া হবে। বৃহত্তর বরিশালে প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়, তাই কৃষকদের জন্য হিমাগার তৈরি করা হবে। পাশাপাশি কৃষি কার্ড চালু করে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।’
নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার, জহির উদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়।