আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচারণায় মুখর নগরী ও সদর উপজেলা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ সংসদীয় আসন।
এই আসনে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। ফলে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে ধানের শীষ ও হাতপাখা প্রতীকের মধ্যে।
তিনবারের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বিএনপির অন্যতম অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সংগঠনের শক্ত অবস্থানের কারণে তাকে ঘিরে রয়েছে ব্যাপক আলোচনা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার জনপ্রিয়তা ও ধর্মভিত্তিক সমর্থন ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করে এককভাবেই নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কাছে যেসব আসনে সবচেয়ে বেশি প্রত্যাশা রয়েছে, তার মধ্যে অন্যতম বরিশাল-৫। কারণ এই আসন থেকেই লড়ছেন দলটির দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি ফয়জুল করীম, যিনি সমর্থকদের কাছে ‘শায়েখে চরমোনাই’ নামে পরিচিত।
এক নজরে বরিশাল-৫
১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত মোট ১২টি নির্বাচনের মধ্যে এই আসনে বিএনপি ৬ বার, আওয়ামী লীগ ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার জয়ী হয়েছে। এর মধ্যে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তিনবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু বরিশাল-৫ নয়, বরিশাল বিভাগের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভোটারদের অংশগ্রহণ ও শেষ মুহূর্তের প্রচারণাই বলে দেবে কার দখলে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ আসন।