ঝালকাঠির দুই আসনে ভোটের মাঠে নতুন সমীকরণ বিএনপির শক্ত ঘাঁটিতে এবার বড় চ্যালেঞ্জ জামায়াত

Date: 2026-02-05
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশাল ব্যুরো: 
একসময় ঝালকাঠিকে নিরঙ্কুশভাবে ‘ধানের শীষের ঘাঁটি’ হিসেবে ধরা হতো। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চিত্র বদলাতে শুরু করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের সক্রিয়তা এবং তরুণ ভোটারদের প্রভাব—সব মিলিয়ে ঝালকাঠির দুই আসনে নির্বাচনি হিসাব নতুন করে লিখছে দাঁড়িপাল্লা প্রতীক। ফলে বিএনপির শক্ত ঘাঁটিতেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জামায়াত।


জেলার সাধারণ ভোটারদের মতে, এখনো বিএনপি এগিয়ে থাকলেও এবারের নির্বাচনে জামায়াত আগের যেকোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে। দুই আসনেই বিএনপির মনোনয়নবঞ্চিত অন্তত চার প্রভাবশালী নেতা প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। এতে করে তাদের অনুসারীদের ভোট ধানের শীষে যাবে কি না—তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ঝালকাঠি জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ছয় লাখ। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তরুণ ভোটার। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তরুণ ভোটারদের সিদ্ধান্তই এবারের নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া)
এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জামায়াতের প্রার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহীম আল হাদীসহ মোট ১০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঠালিয়া দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে বেড়িবাঁধ নির্মাণ, হাসপাতাল স্থাপন, সড়ক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে ড. ফয়জুল হক বলেন, জনগণ চাঁদাবাজ ও মামলাবাজ রাজনীতি থেকে মুক্তি চায়। নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় সময়ের দাবি বলে তিনি মনে করেন।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি)
এই আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিমের মধ্যে মূল লড়াই হচ্ছে। ইলেন ভুট্টো ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেখ নেয়ামুল করিম বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস।

এখানে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতারাও জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম। মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে থাকা এই প্রার্থীর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে শক্ত ভোটব্যাংক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার উপস্থিতিতে ভোট বিভাজন হলে তার বড় সুবিধা পেতে পারে জামায়াত।

সব মিলিয়ে ঝালকাঠির দুই আসনেই এবার ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের বিএনপির একচ্ছত্র আধিপত্যের জায়গায় এবার দৃশ্যমান হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ।

Leave Your Comments