অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থানে লুটপাট ও মাদকসেবীদের দৌরাত্ম্য

Date: 2026-03-01
news-banner

পঞ্চগড় প্রতিনিধি | মোঃ মাহমুদুল হাসান বাবু,


দিনের আলো ফুরালেই পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে—এমন অভিযোগ স্থানীয়দের। সন্ধ্যার পর পবিত্র ও নিরিবিলি স্থানটি লুটপাট, চাঁদাবাজি ও মাদকসেবীদের আড্ডায় পরিণত হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, দাফনের কয়েক দিনের মধ্যেই নতুন কবরের প্লাস্টিক ও বাঁশের অস্থায়ী ঘেরা রাতের আঁধারে খুলে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, একটি চক্র পরিকল্পিতভাবে নতুন কবর চিহ্নিত করে এসব সামগ্রী সরিয়ে নেয়।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি বলেন, “দাফনের দু’দিন পর জিয়ারতে গিয়ে কবরের প্লাস্টিক ও ঘেরা খোলা দেখে মর্মাহত হয়েছি।” তিনি দ্রুত সিসিটিভি, পর্যাপ্ত আলো ও নিয়মিত টহলের দাবি জানান।

আরেক ভুক্তভোগী খায়রুল আলম অভিযোগ করেন, কবরের চারপাশে নেটের ঘেরা দিতে গেলে কয়েকজন মাদকসেবী অর্থ দাবি করে এবং হুমকি দেয়। স্থানীয়দের মতে, মাগরিবের পর থেকেই মাদকসেবীদের আনাগোনা বাড়ে; আলো ও নজরদারির অভাবে পরিস্থিতি অবনতির দিকে।

এলাকাবাসী কবরস্থানের সীমানা প্রাচীর মেরামত, স্থায়ী প্রহরী নিয়োগ, লাইটিং ও সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments