পর্যটন এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স— নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলায় নতুন বার্তা

Date: 2026-03-07
news-banner

সবুর খান :

আপসহীন অবস্থানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ
কক্সবাজার—নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রায় ১২০ কিলোমিটার বিস্তৃত নৈসর্গিক দৃশ্য। 

দেশের মানুষ বছরে অন্তত একবার হলেও এই পর্যটন নগরীতে ঘুরতে আসেন। শুধু দেশীয় পর্যটকই নয়, প্রতিবছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটকেরও আগমন ঘটে এখানে। এমন গুরুত্বপূর্ণ একটি পর্যটন নগরীর আইনশৃঙ্খলা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

সম্প্রতি কক্সবাজার থেকে তাকে অন্যত্র বদলি করা হলেও পুনরায় তাকে কক্সবাজারেই পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

ট্যুরিস্ট পুলিশের সাফল্যের চিত্র
ট্যুরিস্ট পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৩৪ জন ছিনতাইকারী এবং ৬৮ জন ভাসমান অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ২১৯ জন হারিয়ে যাওয়া শিশু এবং ৩৫টি মোবাইল ফোন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ১১ জন ইভটিজার এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে।

ট্যুরিস্ট পুলিশ আরও জানায়, এক বছরে দায়ের হওয়া ১৮৩টি সিআর মামলার মধ্যে ১৭৫টি মামলার নিষ্পত্তি হয়েছে।
তবে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ অনেক সময় মামলা তদন্তেই বেশি মনোযোগী হয়ে পড়ে। পর্যটন কেন্দ্রিক অপরাধের মামলাগুলো অনেক ক্ষেত্রে জামিনযোগ্য ধারায় রুজু করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে অভিযুক্তরা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

অবৈধ দখল ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান
কক্সবাজারে দায়িত্ব পালনকালে আপেল মাহমুদ বিভিন্ন সভা-সমাবেশে সৈকতের বালিয়াড়ি রক্ষায় জোরালো ভূমিকা পালন করেছেন। তিনি নিজে সরেজমিনে গিয়ে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছেন।

সম্প্রতি কক্সবাজার পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন,
“ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব একটাই—পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন এলাকায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ঠেকানো।

তিনি আরও বলেন,
কক্সবাজারে কোনো অবৈধ দখলদার, কোনো চাঁদাবাজ বা সিন্ডিকেটের জন্য একচুল জায়গা নেই। তারা যতই শক্তিশালী হোক না কেন, আইন সবার জন্য সমান।

সৈকত এলাকা উদ্ধারে অভিযান
আপেল মাহমুদ জানান, হোটেল-মোটেল, সৈকত এলাকা, পরিবহন ব্যবস্থা, ট্যুর গাইড এবং ভাসমান ব্যবসায়ীদের কার্যক্রমকে নিয়মের আওতায় আনার কাজ চলছে। অবৈধভাবে দখল করা সৈকত এলাকা ও পর্যটন স্পট উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

তিনি বলেন,
“আমরা শুধু একা কাজ করে যাচ্ছি, কিন্তু অনেক সময় প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না। সম্প্রতি বালিয়াড়ি থেকে লকার তুলে ফেলা হয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে আবারও সেখানে সেগুলো বসানো হয়েছে।
পর্যটকবান্ধব ট্যুরিস্ট পুলিশ
সংশ্লিষ্টদের মতে, আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ এখন শুধু আইন প্রয়োগকারী বাহিনী হিসেবেই নয়, বরং একটি পর্যটকবান্ধব সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।

পর্যটকদের সুবিধার্থে চালু করা হয়েছে হটলাইন সেবা, দ্রুত রেসপন্স টিম এবং মোবাইল পেট্রোল ইউনিট। এছাড়া ট্যুরিস্ট পুলিশের সদস্যদের জন্য বিশেষ আচরণগত প্রশিক্ষণ, বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগে ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হয়েছে।

গণমাধ্যমে ইতিবাচক আলোচনা
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আপেল মাহমুদের নেতৃত্ব ও কর্মদক্ষতা নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। মাঠপর্যায়ে সরাসরি তদারকি, হঠাৎ অভিযান পরিচালনা এবং অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান তাকে আলাদা করে তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীদের আস্থা ফিরছে
কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ট্যুরিস্ট পুলিশের বর্তমান কার্যক্রমের প্রশংসা করছেন। কক্সবাজার হোটেল মালিক সমিতির এক নেতা বলেন,
আগে কিছু দুষ্টচক্র পর্যটকদের জিম্মি করে রাখত। এখন পরিস্থিতি বদলাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের দৃশ্যমান উপস্থিতি আমাদের ব্যবসায় আস্থা ফিরিয়েছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ "বার্তা বিচিত্রাকে "আরো বলেন  বলেন,

প্রযুক্তিনির্ভর নজরদারি, স্মার্ট পুলিশিং এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন,
পর্যটন এলাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশের সম্পদ। এখানে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave Your Comments