নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডের সালেনগর এলাকায় বসবাস করতে হলে মাসিক চাঁদা দিতে হবে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে গায়েবি মামলায় ফাঁসানো ও হত্যামামলায় জড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সালেনগর এলাকার মৃত শামসুদ্দিন প্রধানের ছেলে কাজল প্রধানের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজল প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বন্দর থানার আওতাধীন রূপালি এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার লোকজনকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি এলাকায় বসবাস করতে হলে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হবে বলে দাবি করেন।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দেওয়া কিংবা হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে স্থানীয়ভাবে এসব অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত কাজল প্রধানের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।