মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড় প্রতিনিধি:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়। বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে।
এছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বাহিনীটি। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকগুলোর ওপর নিবিড় নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় ট্রাকগুলোকে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।
তিনি আরও জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।