মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি,
নারী দিবসেই পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন তার অফিসের নারী কর্মীরা। গায়ে হাত তোলাসহ নানা দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
বদলি আদেশের তিন মাস পেরিয়ে গেলেও তিনি এখনো চারটি অফিসে দায়িত্ব পালন করছেন। অফিসের আয়োজনে শপথ অনুষ্ঠানে ডিম, বিস্কুট ও কলা খাইয়ে বিরানির বিল করা, চেয়ার কিনে দ্বিগুণ বিলসহ নানা অনিয়মে আলোচিত হন তিনি। এর আগে আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।
ভুক্তভোগী নারী কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা তার দুর্ব্যবহার সহ্য করছেন। নারী দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রশিক্ষক লুনা বেগম সামান্য দেরি করলে ওয়াহিদুজ্জামান তার গায়ে হাত তোলেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি তারা জেলা প্রশাসকের কাছে অভিযোগ আকারে তুলে ধরেন।
অফিসের হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন অভিযোগ করেন, বদলি ঠেকাতে তার স্বামীর মাধ্যমে বিএনপি মহাসচিবের কাছে তদবিরের চেষ্টা করেছিলেন ওয়াহিদুজ্জামান। ব্যর্থ হলে তিনি কর্মীদের প্রতি আরও দুর্ব্যবহার শুরু করেন।
অফিসের অন্যান্য কর্মচারীরাও অভিযোগ করেন, তিনি নিয়মিত গালিগালাজ, লাথি ও শারীরিক নির্যাতন করেন। এমনকি নামাজ পড়তে বাধা দেন।
পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ওয়াহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।